প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন

ঢাকার যমুনা এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। সরকারি কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে অবস্থান নিয়েছিলেন। সংঘর্ষে ডিসি মাসুদসহ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করা হয়। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয় এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
এর আগে সকালেও সরকারি চাকরিজীবীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে মিছিলটি এগোয়। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি করেন, আজকের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা ফিরে যাবেন না।
সরকারি কর্মচারীরা অভিযোগ করেন, বিগত সময়ে বারবার আশ্বাস দেওয়ার পরও ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠিত হলেও গেজেট প্রকাশে অনীহা দেখানো হয়েছে, যা তাদের মতে অমৌলিক এবং অন্যায়ের কারণ হয়েছে।



