সমগ্র বাংলাদেশ আমার বাড়ি: জামায়াতের আমির
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বাউফলে জনসভায়: “আপনাদের অধিকারের জন্য আর দাবি তুলতে হবে না”

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ, বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত এলাকাগুলোর অধিকার আদায়ে দল সুযোগ পেলে পূর্ণ ন্যায্যতা নিশ্চিত করবে। “সমগ্র বাংলাদেশ আমার বাড়ি। আপনারা আমাকে সুযোগ দিলে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি—আল্লাহ যদি আমাদের কবুল করেন,” বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো আত্মীয় বা প্রভাব খাটানো হবে না। “এখানে মামু-খালুর কোনো টেলিফোন চলবে না। প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কোথায়—সেটাও দেখা হবে না। ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে।”
তিনি জুনিয়র কর্মকর্তাদের মিথ্যা মামলা ও চাঁদাবাজি প্রতিরোধের অঙ্গীকার জানিয়ে বলেন, দেশে আর কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না এবং অর্থ পাচার রোধ করা হবে। “শেয়ারবাজার লুণ্ঠন কিংবা উন্নয়ন প্রকল্পের টাকা বিদেশে পাচার—এগুলো আর চলবে না। আল্লাহ তৌফিক দিলে এসব অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।”
গণভোট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, “জুলাইয়ে যারা সংগ্রাম ও রক্ত দিয়ে আমাদের বাংলাদেশ এনে দিয়েছে, সেই মানুষের স্বপ্ন অনুযায়ী বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। প্রথম ভোটটি হলো গণভোট। এখানে ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, ‘না’ মানে দাসত্ব।” জনসাধারণ সমস্বরে ‘হ্যাঁ’ বলে সাড়া দেয়।
সভায় পটুয়াখালীর চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। ডাকসু ভিপি সাদিক কায়েম ও পটুয়াখালী–২ আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



