রাজনীতি

শীতল পাটি পেয়ে শুয়ে পড়লেন জামায়াত আমির

ঝালকাঠিতে এক নির্বাচনি জনসভায় স্থানীয় এক সমর্থকের কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে। তবে কিছুক্ষণ পর তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দুপুর ২টার দিকে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠির গর্ব এবং সাহসী প্রতিবাদী সন্তান। তিনি কোনো দলের নন, পুরো জাতির গর্ব। হাদি দুটি স্বপ্ন ধারণ করতেন—একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ, অন্যটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে তিনি জীবন দিয়েছেন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে হাদি হত্যার সঠিক বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, হাদির রক্তের দায় রাষ্ট্রকে নিতেই হবে। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। জামায়াত ক্ষমতায় এলে শহীদ পরিবারের প্রতি শুধু সান্ত্বনা নয়, ন্যায়বিচার নিশ্চিত করা হবে—এটাই তাদের অঙ্গীকার।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনের প্রার্থী এসএম নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button