রাজনীতি

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর: মিন্টু

ফেনী-৩ (দাগনভুঁইয়া–সোনাগাজী) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনীতি করা হয় মানুষের কল্যাণের জন্য, ব্যবসা করা হয় কর্মসংস্থান তৈরির জন্য এবং কৃষকেরা মানুষের জন্যই ফসল ফলান। অথচ শেষ পর্যন্ত রাজনীতিবিদরা চোর, ব্যবসায়ীরা মুনাফাখোর আর কৃষকেরা অপরাধী হিসেবে চিহ্নিত হন—যা অত্যন্ত দুঃখজনক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিন্টু বলেন, তিনি ১৯৮০ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এমপি প্রার্থী হয়েছেন। ব্যবসায়িক জীবনে তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং ব্যাংক ঋণ নিয়মিত পরিশোধ করেছেন। কখনো ঋণ মওকুফ চাননি বা ঋণখেলাপি হননি—এমন অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারবে না বলে দাবি করেন তিনি।

বিরোধী দলের অপপ্রচারের অভিযোগ করে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। সম্প্রতি তাকে নিয়ে ‘এপস্টেইন’ ইস্যুতে অপপ্রচার করা হচ্ছে, অথচ সেখানে যাওয়ার মতো সামর্থ্যই তার নেই বলে তিনি মন্তব্য করেন।

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে স্বাধীন সাংবাদিকতার পক্ষে কথা বলবেন এবং করপোরেট হাউস মালিকদের নামে গণমাধ্যম নিবন্ধনের বিরোধিতা করবেন। পাশাপাশি দাগনভুঁইয়া ও সোনাগাজীর উন্নয়নে কোনো বৈষম্য রাখা হবে না বলে আশ্বাস দেন।

মতবিনিময়ে তিনি সোনাগাজীতে গ্যাস সংযোগ, উচ্চশিক্ষার ব্যবস্থা, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুলে আন্ডারপাস, অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও সড়ক উন্নয়নসহ জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, প্রার্থীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সলিম উল্যাহ মেজবাহসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button