জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার মোহে রাজনীতি করলে নীতি ও আদর্শ টিকে থাকে না। ইসলামী আন্দোলন ব্যক্তিগত লাভের জন্য নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন, দেশপ্রেম এবং মানুষের কল্যাণের উদ্দেশ্যেই রাজনীতি করে। এমপি বা মন্ত্রী হওয়ার লক্ষ্য আমাদের রাজনীতির উদ্দেশ্য নয়, আমাদের মূল লক্ষ্য হলো দেশ, ইসলাম ও মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের হাত ধরেই বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার ফলশ্রুতিতে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগমপাড়া’।
জামায়াতকে সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর তাদের প্রকৃত চরিত্র জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী সংগঠন আর নেই। ক্ষমতায় গেলে তারা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় ওই জোট ত্যাগ করে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, জোট ছাড়ার পর অনেকেই ভেবেছিল ইসলামী আন্দোলন দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হলো—দলটি এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী। সাধারণ মানুষ হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হবে।
বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, বরগুনার ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।



