রাজনীতি

তারেক রহমানের অপেক্ষায় ঠাকুরগাঁওয়ের জনসভাস্থল

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তার উপস্থিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নেতাকর্মীরা মাঠে জড়ো হতে শুরু করেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। প্রিয় নেতার এক ঝলক দেখার আশায় ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অপেক্ষা করছেন বিএনপির সব স্তরের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, তারেক রহমান হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।

দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে গোটা জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপি নেতাকর্মীদের ধারণা, তারেক রহমানের এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে দুপুর দেড়টায় নীলফামারী এবং বিকেল আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে আরও দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button