ফি/লিস্তিনি দমনে পুতিনের কাছে ১০ লাখ রুশ ইহুদি চেয়েছিল ই/সরায়েল

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের একটি অত্যন্ত গোপন ও বিস্ফোরক অডিও রেকর্ডিং সম্প্রতি ফাঁস হয়েছে। ওই রেকর্ডিংয়ে তাঁকে দণ্ডিত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কথোপকথনে একটি বিতর্কিত ও বর্ণবাদী জনমিতিক পরিকল্পনার কথা স্বীকার করতে শোনা যায়। গত শুক্রবার প্রকাশ পাওয়া অডিওতে বারাক দাবি করেন, ইসরায়েলের জনমিতিক ভারসাম্য আমূল পরিবর্তন এবং ফিলিস্তিনিদের প্রভাব কমাতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ‘আরও ১০ লাখ’ রুশ নাগরিক ইসরায়েলে পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন।
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রেকর্ড করা ওই কথোপকথনে বারাককে বলতে শোনা যায়, “আমি পুতিনকে সব সময় বলতাম, আমাদের দরকার আরও ১০ লাখ রুশ নাগরিক। এতে ইসরায়েল নাটকীয়ভাবে, খুবই নাটকীয়ভাবে বদলে যাবে।”
বারাকের ভাষ্য অনুযায়ী, রুশ অভিবাসীর সংখ্যা বাড়লে ১৯৪৮ সালের সীমানার ভেতরে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকদের ক্রমবর্ধমান জনসংখ্যা হারের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, চার দশক আগে ইসরায়েলে আরবদের সংখ্যা ছিল ১৬ শতাংশ, যা বর্তমানে বেড়ে ২০ শতাংশে পৌঁছেছে—এই প্রবণতাকে তিনি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বর্ণনা করেন।
এই পরিকল্পনায় শুধু সংখ্যাগত বৃদ্ধিই নয়, নতুন রুশ অভিবাসীদের ‘গুণগত মান’ নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্ব দেন বারাক। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর নব্বইয়ের দশকে প্রায় ১০ লাখ মানুষ ইসরায়েলে এসেছিল, যাদের অর্ধেকই অর্থোডক্স ইহুদি ধর্মীয় সংজ্ঞা অনুযায়ী ইহুদি হিসেবে স্বীকৃতি পাননি।
এই পরিস্থিতি মোকাবিলায় বারাক একটি কৌশলগত প্রস্তাব তুলে ধরেন। তাঁর মতে, অর্থোডক্স রাব্বিদের একচেটিয়া কর্তৃত্ব ভেঙে বিয়ে, দাফন ও ইহুদিত্বের সংজ্ঞা আরও নমনীয় করা প্রয়োজন, যাতে রুশদের জন্য গণ-ধর্মান্তরের পথ তৈরি হয়। তিনি বিশ্বাস করেন, দ্বিতীয় প্রজন্মের ওপর সামাজিক চাপ তৈরি করা গেলে তারা নিজেরাই ইহুদি পরিচয় গ্রহণ করবে।
রেকর্ডিংয়ের সবচেয়ে বিতর্কিত অংশে আরব ও মুসলিম দেশ থেকে আগত ইহুদিদের (মিজরাহি বা সেফার্দিক) নিয়ে বারাকের অবজ্ঞাসূচক মন্তব্য উঠে আসে। ইউরোপীয় বংশোদ্ভূত আশকেনাজি নেতৃত্বের দীর্ঘদিনের বর্ণবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে তিনি বলেন, ১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার সময় উত্তর আফ্রিকা ও আরব দেশগুলো থেকে ইহুদিদের নিয়ে আসা ছিল একটি ‘অপরিহার্য প্রয়োজন’।
তিনি আরও বলেন, “তখন আমাদের বাধ্য হয়ে তাদের নিতে হয়েছিল, কিন্তু এখন আমরা বাছাই করার সুযোগে আছি। বর্তমানে আমাদের মন অনেক বেশি উন্মুক্ত, এবং আমরা অনায়াসেই আরও ১০ লাখ রুশ অভিবাসী আত্মীকরণ করতে পারব।”
১৯৯০ ও ২০০০ সালের শুরুর দিকের রুশ অভিবাসীদের প্রসঙ্গে বারাক মন্তব্য করেন, সে সময় অনেক ‘অল্পবয়সী মেয়ে এসেছিল যারা কথা বলতে পারত না।’ তিনি বিশেষভাবে বেলারুশের লম্বা ও হালকা-পাতলা তরুণীদের কথা উল্লেখ করেন। এ সময় রেকর্ডিংয়ের পেছনে জেফরি এপস্টেইনের বিদ্রূপাত্মক হাসিও শোনা যায়।
এপস্টেইন সংক্রান্ত মামলার নথি অনুযায়ী, ওই সময় ইংরেজি না জানা রুশ তরুণীদের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাচার করা হয়েছিল। বারাক ও এপস্টেইনের সম্পর্ক কেবল ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ ছিল না। এফবিআই-এর একটি মেমোতে বলা হয়, এপস্টেইন বারাকের অধীনে গোয়েন্দা প্রশিক্ষণও নিয়েছিলেন। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে বারাক অন্তত ৩০ বার এপস্টেইনের নিউইয়র্কের বাসভবনে যাতায়াত করেন।
রেকর্ডিংয়ে বারাক ইসরায়েলের ভেতরে অ-ইহুদি নাগরিকদের ক্ষেত্রে সমঅধিকার প্রদানের একটি স্তরভিত্তিক কাঠামোর কথাও বলেন। তাঁর মতে, সামরিক সেবার কারণে প্রথমে দ্রুজ সম্প্রদায়কে পূর্ণ সমঅধিকার দেওয়া উচিত। এরপর তিনি খ্রিষ্টান সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেন, তাদের উন্নত শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে। তবে মুসলিম ফিলিস্তিনিদের তিনি এই কাঠামোর বাইরে রাখেন।
এই গোপন অডিও প্রকাশের পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি ইসরায়েলি নেতৃত্বের মধ্যে বিদ্যমান ‘অ্যাপার্থাইড’ বা বর্ণবাদী মানসিকতারই স্পষ্ট প্রমাণ, যার মাধ্যমে জনমিতিক প্রকৌশল ব্যবহার করে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে প্রান্তিক করার চেষ্টা চলছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই



