মীরজাফরের মতো বেইমান সৈন্যের দরকার নেই: বিএনপি প্রার্থী

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, যুদ্ধক্ষেত্রে মীরজাফরের মতো বিশ্বাসঘাতক সৈন্য নয়, বরং মীর মদন ও মোহন লালের মতো সাহসী ও বিশ্বস্ত সেনাপতির প্রয়োজন—যারা প্রয়োজনে বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত থাকে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিংড়া উপজেলার তাজপুর বাজারে ধানের শীষের নির্বাচনি পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যাদের মুখে এক কথা আর অন্তরে অন্য কথা—তারাই প্রকৃত বেইমান। বিএনপিকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তারা কখনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না।
তাজপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সফির উদ্দিনের সভাপতিত্বে এবং থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লেলিন, সাবেক ভিপি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, ছাত্রনেতা সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



