বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোঁড়া গু/লিতে আ/হত সেই শিশুকে বাঁ/চানো গেল না

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত ৯ বছর বয়সী শিশু হুজাইফা সুলতানা আফনান আর বেঁচে নেই। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

হুজাইফার মা সাবেকুন নাহার ও চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শিশুটি ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মাঝেও গভীর শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বাবা জসিম উদ্দিনের সঙ্গে বাড়ি ফেরার পথে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমার প্রান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার গয়ালমারা এলাকার একটি এনজিও হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় গণমাধ্যমকে জানান, অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে মস্তিষ্কে প্রবেশ করা গুলিটি বের করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়েছিল।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, হুজাইফার মৃত্যু উখিয়া-টেকনাফবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনায় কোনো নিরস্ত্র সাধারণ মানুষ প্রাণ না হারায়, সে জন্য দেশের সীমান্তরক্ষী বাহিনীকে আরও সতর্ক ও কার্যকরভাবে সীমান্ত পাহারার আহ্বান জানান তিনি। প্রতিবেশী দেশের সীমান্ত থেকে গুলি এসে দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের মৃত্যু হওয়াকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button