রাজনীতি

বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে দেব না: জামায়াতে আমির

হবিগঞ্জে জনসভায় জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশকে আমরা ধর্মের ভিত্তিতে বিভক্ত হতে দেব না। ইসলাম কোনো বাড়াবাড়ি সমর্থন করে না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—চার ধর্মের মানুষ যুগ যুগ ধরে এখানে বসবাস করছে।”

শফিকুর রহমান বলেন, দেশে রাজনীতি এখনও বংশানুক্রমে চলে; তিনি চাই একজন সাধারণ শ্রমিকের সন্তান, যদি মেধাবী হয়, দেশের প্রধানমন্ত্রী হোক। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় নেতারা বসন্তের কোকিল হয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেয়, ভোট শেষে আর খুঁজে পাওয়া যায় না।

তিনি বলেন, স্বাধীনতার পর ৫৪ বছর পার হলেও বাংলাদেশ ভিয়েতনামের মতো উন্নয়নের রোল মডেল হতে পারেনি। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ অস্থির। এর কারণ, অসৎ নেতৃত্ব।

জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি বন্ধ হবে, ব্যবসায়ীদের রাতের ঘুম নষ্ট হবে না এবং ফুটপাতের হকারদের কোনো নির্যাতন হবে না বলে তিনি আশ্বাস দেন।

জনসভায় কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আবদুল বাসিত, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী আহমদ আব্দুল কাদির এবং হবিগঞ্জ-১ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভার সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button