তারেক রহমানের পক্ষে গণসংযোগে জাইমা রহমান

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে তিনি এই গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাইমা রহমান সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের ব্যবসায়ী এবং শপিংমলে আগত ভোটারদের মাঝে নির্বাচনি লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তিনি তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তার বাবার জন্য ভোট চান।
এ সময় তাকে পরিবেশবান্ধব বীজ বিতরণ করতেও দেখা যায়। জাইমা রহমান জানান, লিফলেটের পরিবর্তে এসব বীজ মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে। নির্বাচনি বর্জ্য কমানো ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গণসংযোগে তার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন। নিরাপত্তা সদস্যরা আশপাশে থাকলেও জাইমা রহমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে ভোট চাইতে মাঠে নামেন।
গুলশান পুলিশ প্লাজা থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত চলা এই গণসংযোগে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি হাসিমুখে গ্রহণ করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।



