রাজনীতি

একেকটা জ/ঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আবারও কঠিন সময় আসতে পারে। শনিবার বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী ও চরমপন্থী শক্তি নতুনভাবে সংগঠিত হয়ে রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এসব শক্তি বিদেশি অর্থায়নে দেশের রাজনীতিকে বিভ্রান্ত করছে বলেও তিনি মন্তব্য করেন। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, রাজাকার ও আলবদরদের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, যা দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী।

ফজলুর রহমান বলেন, কিছু রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড নারীর মর্যাদা, আধুনিক শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিরোধী। তিনি দাবি করেন, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে, যা ইসলাম ধর্মের মূল শিক্ষার সঙ্গেও সাংঘর্ষিক।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ চরম ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করেছে। সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন নির্বাচন নিয়ে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে এবং তারেক রহমান দেশের নেতৃত্বে আসবেন। তিনি নিজের জন্য ভোট প্রার্থনা করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের অধিকার ও উন্নয়নে কাজ করবেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবার দেশ। সবাই মিলেই এই দেশ গড়ে তুলতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button