ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাজধানীর ঢাকা–১১ আসনে নাহিদ ইসলামের একটি নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
সকাল সাড়ে ১১টার দিকে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর আমির ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জনসভায় উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন। পরে বক্তব্যে তিনি নাহিদ ইসলামের নেতৃত্বের প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে দেশের দায়িত্ব নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশের নেতৃত্বে তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ যাত্রায় নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম হবেন—এমন বিশ্বাস জামায়াতের রয়েছে।
এরপর তিনি ঘোষণা দিয়ে বলেন, জনগণের রায়ে ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখা যাবে।



