আন্তর্জাতিক

নিউইয়র্কবাসীকে নবীজির হিজরতের গল্প শোনালেন মামদানি

অভিবাসন ইস্যুতে দেওয়া বক্তব্যে ইসলামী ইতিহাসের প্রসঙ্গ টেনে আলোচনায় এসেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হিজরতের ঘটনার কথা উল্লেখ করেন।

শুক্রবার একটি আন্তধর্মীয় প্রাতরাশ সভায় বক্তব্য দিতে গিয়ে মামদানি বলেন, তিনি ইসলামকে এমন একটি ধর্ম হিসেবে দেখেন, যার ভিত্তিতেই রয়েছে অভিবাসনের একটি ঐতিহাসিক কাহিনি। তাঁর ভাষায়, হিজরতের ঘটনা মনে করিয়ে দেয় যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও মক্কা থেকে মদিনায় আশ্রয় নেওয়া একজন পরবাসী ছিলেন।

অভিবাসন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে নিউইয়র্ক সিটির মেয়র জানান, অভিবাসীদের সুরক্ষা জোরদার করতে এবং সিটি মালিকানাধীন সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করতে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

মামদানি বলেন, এই উদ্যোগ অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং জননিরাপত্তা রক্ষায় শহরের প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি আরও বলেন, নতুন নির্বাহী আদেশটি শুধু অভিবাসী নিউইয়র্কবাসীদের নয়, বরং সব নাগরিককে অবৈধ ও নিপীড়নমূলক অভিবাসন কার্যক্রম থেকে সুরক্ষা দেবে।

নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা বিচারিক ওয়ারেন্ট ছাড়া নিউইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না।

মেয়র মামদানি বলেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো—অভিবাসন অবস্থান যাই হোক না কেন, শহরের সব বাসিন্দা যেন ভয় ছাড়াই সরকারি সেবা নিতে পারেন। তিনি উল্লেখ করেন, কোনো ব্যক্তি যেন কেবল অভিবাসী পরিচয়ের কারণে শিশু যত্নসহ জরুরি সেবার জন্য আবেদন করতে ভয় না পান।

সংশ্লিষ্ট খবর

Back to top button