‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

দীর্ঘ ১৬ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়া ৪ কোটি তরুণ ভোটার ও দেশের ১২ কোটি মানুষের আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের পর ডাকসুর ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে আর কোনো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না।”
সাদিক কায়েম ইসির সাম্প্রতিক প্রজ্ঞাপন—নির্বাচন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ—কে ‘স্বৈরতান্ত্রিক’ ও ‘অগণতান্ত্রিক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, কমিশন নতুন প্রজ্ঞাপন জারি করার আশ্বাস দিয়েছে।
এছাড়া, নির্বাচনী দায়িত্ব থেকে বিএনসিসি-কে বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, “আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—যেখানে জয়ী যেই হোক, গণতন্ত্রের জয় নিশ্চিত হোক।”
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, ডাকসু জুলাই প্রজন্মের উত্তরসূরি হিসেবে প্রতিটি কেন্দ্রে নজর রাখবে, কারচুপি বা অগণতান্ত্রিক কার্যক্রম ঠেকানো হবে এবং সবকিছু ডকুমেন্ট করা হবে।



