বাংলাদেশ

পাথর ঠিক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইনে কাজ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ রেলওয়ের এক কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত কর্মীর নাম রফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ রেলওয়ে–এর অধীনে ওয়েম্যান হিসেবে কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকায়।

স্থানীয় রেলস্টেশন মাস্টার রাজ কুমার রায় জানান, রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান রেললাইনে ছড়িয়ে থাকা পাথর (ব্যালাস্ট) ঠিক করার কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের ধাক্কায় পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ তার গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button