বাংলাদেশ
গাইবান্ধায় ডিজেলভর্তি ড্রামে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা-তে এক মর্মান্তিক দুর্ঘটনায় আরাফাত হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল।
জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ধাপেরহাটের পালানপাড়া গ্রামে বাড়ির বারান্দায় খেলছিল ছোট্ট আরাফাত। পরিবারের অগোচরে সে একটি পলিথিন দিয়ে ঢাকা ডিজেলভর্তি কাটা প্লাস্টিকের ড্রামে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
স্থানীয়দের তথ্যমতে, শিশুটির বাবার একটি ট্রাক রয়েছে, যার ট্যাংকি মেরামতের জন্য ডিজেল বের করে অস্থায়ীভাবে ওই ড্রামে সংরক্ষণ করা হয়েছিল। অসতর্কতাবশত খেলতে গিয়ে শিশুটি সেই ড্রামে পড়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



