সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতদের একজন হলেন কসবা উপজেলার ধজনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. মুরসালিন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন বলে তথ্য পাওয়া যায়। পরে তারা মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের টহল দলের মুখোমুখি হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ গুলি ছোড়ে।
গুলিতে দুজন গুরুতর আহত হলে তাদের ভারতের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানিয়েছে।
ঘটনার পর বিজিবি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। পাশাপাশি এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রটেস্ট নোট পাঠানো ও পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে বিএসএফ জানিয়েছে।
এদিকে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, নিহত মুরসালিন একজন কলেজ শিক্ষার্থী ছিলেন এবং অন্য নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



