মানুষ দেখলেই গুঁতো দেয়, দুষ্টু মহিষের নাম রাখা হলো নেতানিয়াহু

বাংলা টিভি ডেস্ক: দুই শিংয়ের মাঝখানে কপালে ভাঁজ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সামনে কেউ গেলেই ফোঁস ফোঁস শব্দ করে তেড়ে আসে। খামারিদের ভাষ্য, প্রতিদিন যারা খাবার দেয় ও দেখাশোনা করে, তাদের প্রতিও বেশ আক্রমণাত্মক আচরণ করে এই মহিষ। এমন স্বভাবের কারণেই কোরবানির জন্য প্রস্তুত করা মহিষটির নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে দেখা মিলেছে অ্যালবিনো জাতের এই মহিষের। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সেটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়স ও পেশার মানুষ।
খামার সংশ্লিষ্টরা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মহিষটি এখন এলাকাজুড়ে বেশ আলোচনায় রয়েছে। সম্প্রতি একই ধরনের আরেকটি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার আলোচনায় এসেছে ‘নেতানিয়াহু’।
৭৫০ কেজির বেশি ওজনের এই মহিষটির আচরণও বেশ ব্যতিক্রমধর্মী। দর্শনার্থী ও খামারিদের দাবি, এর চোখ, চুল ও আক্রমণাত্মক ভঙ্গির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কিছুটা মিল রয়েছে বলেই এমন নাম দেওয়া হয়েছে।
এক দর্শনার্থী বলেন, “মহিষটির কথা শুনে দেখতে এসেছি। শুনেছি এটি খুবই দুষ্টু স্বভাবের। খামারিরা খাবার বা পানি দিতে গেলেও গুঁতো দেওয়ার চেষ্টা করে। সবসময় শিং নাড়িয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে।”
খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটির জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। ঘাস ও ভুষির পাশাপাশি পুষ্টিকর খাদ্য দেওয়া হয় নিয়মিত। দিনে দুইবার গোসল করিয়ে পরিচ্ছন্ন রাখা হলেও এর চড়া মেজাজের কারণে রাখালদের সতর্ক থেকেই দেখাশোনা করতে হয়।
খামারের এক রাখাল জানান, “মহিষটি খুব চালাক আর দুষ্টু। খাবার দিতে গেলেও গুঁতো দিতে আসে। ফোঁস ফোঁস করে ভয় দেখায়।”
খামারের ব্যবস্থাপক মেহেদি জানান, এটি অ্যালবিনো জাতের মহিষ। তাদের খামারে এ ধরনের আরও কয়েকটি মহিষ রয়েছে। মজার ছলে সেগুলোর নামও রাখা হয়েছে ‘নেতানিয়াহু-ওয়ান’, ‘নেতানিয়াহু-টু’ থেকে শুরু করে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত। প্রতিদিনই এসব মহিষ দেখতে বহু মানুষ ভিড় করছেন।



