আন্তর্জাতিকইন্ডিয়া

‘ডার্লিং তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি’, ছাত্রীকে বিশ্ববিদ্যালয় শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লখনউ বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগে এক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত অধ্যাপকের নাম পরমজিৎ সিং। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, তিনি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য চাপ দিতেন। পরে প্রকাশ্যে আসা একটি অডিও ক্লিপে তাকে শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনে আপত্তিকর ভঙ্গিতে কথা বলতে শোনা যায়।

অডিওতে অধ্যাপককে বলতে শোনা যায়, তিনি শিক্ষার্থীর জন্য প্রশ্নপত্র জোগাড় করেছেন এবং দেখা করার জন্য অনুরোধ করছেন। জবাবে ওই ছাত্রী জানান, তিনি ইতোমধ্যে পড়াশোনা শেষ করেছেন এবং প্রশ্নপত্রের প্রয়োজন নেই। এরপরও অধ্যাপক তাকে বারবার দেখা করার জন্য চাপ দেন বলে অভিযোগ।

ভুক্তভোগী শিক্ষার্থী পরবর্তীতে দুইটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেন। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পুলিশে অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর লখনউ বিশ্ববিদ্যালয় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় উপাচার্য। পাশাপাশি পুলিশ অভিযুক্ত অধ্যাপককে আটক করে তদন্ত শুরু করেছে।

অভিযুক্ত পরমজিৎ সিং অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির কারণে ফাঁসানো হচ্ছে।

এ ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীরা কঠোর শাস্তির দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button