১৬ বছর অপেক্ষার পর ছেলের জন্ম, ৭ মাস বয়সে প্রাণ গেল হামের উপসর্গে

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুর নাম সাজিদ আল নাহিয়ান। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইশ গ্রামের পারভেজ আহমেদ সুমনের ছেলে। পরিবারের চার ভাইবোনের মধ্যে নাহিয়ান ছিল সবার ছোট।
পরিবারের বরাতে জানা যায়, গত ১৪ এপ্রিল শিশুটি প্রথমে সর্দি-কাশিতে আক্রান্ত হয়। পরে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের পর কিছুটা সুস্থ হয়ে ওঠে। তবে ১২ মে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হলে তাকে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতাল, পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ তেজগাঁওয়ের ইনপালস হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল জানান, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
পরিবার জানায়, দীর্ঘদিন সন্তান লাভের অপেক্ষার পর গত বছরের নভেম্বর মাসে জন্ম নেওয়া এই ছেলে সন্তানকে ঘিরে তাদের পরিবারে আনন্দ ফিরেছিল। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সেই আনন্দ শোকের ছায়ায় পরিণত হয়।
পরবর্তীতে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।



