মোদিকে প্রশ্ন করতে চাওয়া সেই সাংবাদিক হারালেন ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে চাওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মাত্রা পেয়েছে। নরওয়ের সাংবাদিক হ্যালে লিং এই ঘটনায় অনলাইন ট্রোলিংয়ের মুখে পড়েছেন এবং পরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার অভিযোগ তুলেছেন।
ঘটনার সূত্রপাত হয় অসলো-তে মোদির সফরের সময়। সেখানে মানবাধিকার পরিস্থিতি ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করতে চান হ্যালে লিং। তিনি জানতে চান, কেন মোদি নিয়মিতভাবে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন না। তবে তিনি দাবি করেন, তার প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মোদি কক্ষ ত্যাগ করেন।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কর্মকর্তা দীর্ঘ বক্তব্যে ভারতের গণতান্ত্রিক কাঠামো, সংবিধান ও নারীর ভোটাধিকারের প্রসঙ্গ তুলে ধরেন, তবে মূল প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই কর্মকর্তা এক পর্যায়ে সাংবাদিককে থামিয়ে দেন বলেও অভিযোগ ওঠে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালে লিং জানান, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তিনি এটিকে “প্রশ্ন করার মূল্য” হিসেবে উল্লেখ করেন।
তবে ঘটনাটি ঘিরে অনলাইনে ভিন্ন প্রতিক্রিয়াও দেখা যায়। কিছু ব্যবহারকারী তার পুরোনো পোস্ট নিয়ে সমালোচনা শুরু করেন এবং তাকে “বিদেশি প্রভাবিত” বা “প্রক্সি” বলে আক্রমণ করেন। এ ধরনের ট্রোলিংয়ের পরই তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে হারিয়ে গেছে বলে তিনি দাবি করেন।



