কুমিল্লায় গানের আসরে এমপির টাকা ছিটানোর ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক গানের আসরে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের টাকা ছিটানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় ও অনলাইনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রোববার দিনভর ভিডিওটি ফেসবুকে ঘুরে বেড়ায়, যেখানে দেখা যায় একটি ঘরোয়া গানের আসরে শিল্পীদের পরিবেশনার সময় সংসদ সদস্য টাকা ছিটাচ্ছেন এবং উপস্থিতরা করতালি দিচ্ছেন।
এর আগে শনিবার গভীর রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ওই গানের আসরের আয়োজন করা হয় বলে জানা গেছে। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জসিম উদ্দিন।
ভিডিওটি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে প্রচার করা হয় বলেও স্থানীয় সূত্রে জানা যায়। প্রায় ১৫ মিনিটের ওই ভিডিওতে ইসলামি গানের সুরে উপস্থিতদের অংশগ্রহণ এবং এমপির আচরণ দেখা যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে সমালোচনামূলকভাবে দেখছেন, আবার অনেকে এটিকে ব্যক্তিগত আয়োজন হিসেবে উল্লেখ করছেন।
এ বিষয়ে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দেননি।



