বাংলাদেশ

ঈদ বোনাস দিয়েছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

বাংলা টিভি ডেস্ক: চলতি ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সোমবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই অঞ্চলের সচল ২ হাজার ১৩৩টি কারখানার মধ্যে ৯৪.৭০ শতাংশ, অর্থাৎ ২ হাজার ২১টি কারখানায় ইতোমধ্যে ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ঢাকার ১ হাজার ৭৯৪টি কারখানার মধ্যে ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামের ৩৪০টির মধ্যে ৩১২টি কারখানায় বোনাস দেওয়া সম্পন্ন হয়েছে।

এছাড়া এপ্রিল মাসের বেতন প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে, আর মে মাসের অগ্রিম বেতন দিয়েছে প্রায় ৩৫.৯৪ শতাংশ কারখানা।

সংগঠনটি আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দিয়ে ঢাকা ছাড়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে একসঙ্গে চাপ না পড়ে এবং যাত্রা নিরাপদ থাকে। পরিকল্পনা অনুযায়ী ২৪ থেকে ২৭ মে পর্যন্ত বিভিন্ন ধাপে শ্রমিকরা ঢাকা ছাড়ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button