ঈদযাত্রায় ব্যস্ত পদ্মা সেতু, একদিনে প্রায় ৫ কোটি টাকার টোল আদায়

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে ঘিরে পদ্মা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার করেছে এবং এ থেকে প্রায় ৫ কোটি টাকা টোল আদায় হয়েছে।
পদ্মা সেতুর সাইট অফিসের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ ছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।
সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন চলাচল করেছে। এ দিক থেকে আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা টোল।
অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পার হয়েছে এবং সেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাওয়া টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ৪৫ দিনের বিশেষ কর্মসূচিও চালু করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে প্রতি তিন সেকেন্ডে প্রায় ১০টি যানবাহন টোল পরিশোধ করে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।



