জাতীয়স্বাস্থ্য

‘৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্–দ্বীনের গাফিলতি’

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে (পোস্ট-অপারেটিভ ওয়ার্ড) ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।

শুক্রবার (২৯ মে) সকালে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

ডা. জাহিদ রায়হান বলেছেন, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে।

জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে গরম লাগায় আবার এসি চালু করা হয়। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে দুই নবজাতক। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। পরে সকালে একে একে ছয় নবজাতকই মারা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডের এসি এক ঘণ্টা বন্ধ থাকায় মারা গেছে কোমলমতি শিশুরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button