ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দিনিপ্রো ও আরও কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘ সময় ধরে চলমান এই যুদ্ধে রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি ও তেল স্থাপনাগুলোতে পাল্টা হামলা জোরদার করেছে। তবে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।
এর আগে গত সপ্তাহে ক্রেমলিন সতর্ক করে জানায়, ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় কিয়েভে ধারাবাহিক হামলা চালানো হবে। যদিও ওই হামলার দায় ইউক্রেন অস্বীকার করেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর চালানো হামলায় অন্তত চারজন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি বলেন, একটি ২৪ তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ আঘাত হানায় ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, ওবোলোন জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং একটি কিন্ডারগার্টেনের কাছাকাছি খোলা এলাকায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি একটি ৯ তলা আবাসিক ভবনসহ আরও কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
হামলার সময় নিরাপদ আশ্রয়ের জন্য হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ও গদি নিয়ে সেখানে অবস্থান নেন। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ভোরের আলো ফোটার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।



