
বাংলা টিভি ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামে কবরস্থানের পাশের একটি বিশাল বটগাছে উঠে দিনভর অবস্থান করেছেন এক মধ্যবয়সী ব্যক্তি। পরে দীর্ঘ নাটকীয় চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে নামিয়ে আনেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি হাসান খাঁ (৪৭) সম্প্রতি মাদকাসক্ত হয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। বুধবার সকালে তিনি প্রায় ১০০ ফুট উঁচু বটগাছের মগডালে উঠে পড়েন এবং এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে সময় কাটাতে থাকেন।
ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকায় উৎসুক জনতা জড়ো হয়। পরে গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে নামানো সম্ভব হয়নি।
অবশেষে বিকেলের দিকে তাকে খাবারের প্রলোভন দেখানো হলে ধীরে ধীরে নিচে নামতে শুরু করেন হাসান খাঁ। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করেন এবং পরে পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দীর্ঘ প্রচেষ্টা ও কৌশলগতভাবে খাবার ব্যবহার করেই তাকে নামানো সম্ভব হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তার আচরণে অস্বাভাবিকতা দেখা দিয়েছিল।



