বাংলাদেশ

বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে চিঠি

বাংলা টিভি ডেস্ক: নাটোর শহরের লালবাজার এলাকায় একটি বানরের উৎপাত চরম আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, প্রায় তিন মাস আগে অজানা স্থান থেকে আসা বানরটি এলাকায় অবস্থান নেওয়ার পর থেকেই মানুষের ওপর আক্রমণাত্মক আচরণ শুরু করে। রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট ও হোটেলে ঢুকে খাবার নিয়ে যাওয়ার পাশাপাশি পথচারী ও বাসিন্দাদের আক্রমণ করছে প্রাণীটি।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গত তিন মাসে বানরটির আক্রমণে অন্তত ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনকে গুরুতর চিকিৎসা নিতে হয়েছে এবং অন্তত ১৫ জন জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন।

বানরের হামলায় আহতদের একজন কাকলী রায় জানান, হঠাৎ আক্রমণে তার হাতের একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অস্ত্রোপচার করতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

এদিকে নাটোর সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, বানরের কামড়ের শিকার হয়ে নিয়মিত রোগীরা চিকিৎসা নিতে আসছেন। বন বিভাগও প্রাণীটিকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখন পর্যন্ত সফল হয়নি।

জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয়দের আবেদন পাওয়ার পর বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button