প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

বাংলা টিভি ডেস্ক: রোববার ভারত সফরে গিয়ে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য কিছু সময় অপেক্ষা করতে বলে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম একটি নিরাপত্তা-সংশ্লিষ্ট নজরদারি তালিকায় শনাক্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।
জানা যায়, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে তিনি দিল্লি গিয়েছিলেন। এ সফর সম্পর্কে বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।
পরবর্তীতে উচ্চপর্যায়ের হস্তক্ষেপের পর তার ভারতে প্রবেশে আর কোনো বাধা ছিল না বলে জানা গেলেও দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে থাকার কারণে তিনি সফর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। সোমবারের মধ্যে তার দেশে ফেরার কথা ছিল।
ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা তখনও পাওয়া যায়নি।



