আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান হলেন মাসুম মিজান

দেশের অন্যতম শরীয়াহ্-ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.-এর ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের (বিসিএমডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গণমাধ্যম, জনসংযোগ ও কর্পোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান (মাসুম মিজান)।
ব্যাংক সূত্র জানায়, সাংবাদিকতা, কর্পোরেট কমিউনিকেশন, ব্র্যান্ডিং, মিডিয়া রিলেশনস ও ডিজিটাল যোগাযোগে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি ব্যাংকের কর্পোরেট ব্র্যান্ডিং, জনসংযোগ, ডিজিটাল যোগাযোগ এবং আধুনিক বিপণন কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
মাসুম মিজান ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যাংকিং খাতে যোগদানের আগে তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রায় ১৪ বছর সাংবাদিকতা করেন। কর্মজীবনে তিনি দৈনিক নয়াদিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও আজকের বার্তাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতার সঙ্গেও যুক্ত রয়েছেন।
সাংবাদিকতা পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর দুই মেয়াদে সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা ও বরিশালের বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের সদস্য। সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।
শিক্ষাজীবনে তিনি বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক, সরকারি বরিশাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ব্যাংক সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, গণমাধ্যম ও কর্পোরেট যোগাযোগে তার অভিজ্ঞতার সমন্বয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্র্যান্ড মূল্য, জনসম্পৃক্ততা, ডিজিটাল যোগাযোগ এবং বাজার সম্প্রসারণে নতুন গতি আসবে।
ওএফ



