নওয়াজের ৭ বছরের কারাদণ্ড

আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাদে নওয়াজের বিরুদ্ধে বহুল আলোচিত ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট ও আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত নওয়াজ শরিফকে আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড এবং ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট দুর্নীতি মামলায় খালাস করে দেন।

এর আগে রোববার লাহোর থেকে ইসলামাবাদে রায়ের শুনানির জন্য পৌঁছান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। নওয়াজ শরিফের রায় ঘোষণাকে কেন্দ্র করে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সোমবার সকাল থেকে নওয়াজের দল পিএমএল-এন’র নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন। নওয়াজ শরিফ আদালতে হাজির হলে স্লোগান দেয়া শুরু করেন তারা। এ সময় নওয়াজের সমর্থকরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ শুরু করলে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরের জুনে লন্ডন যাওয়ার পর থেকে নওয়াজ শরিফ পাকিস্তানের রাজনীতি থেকে বিচ্ছিন্ন। এরপর ৬ জুলাই দুর্নীতির মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছরের ও জামাতা সফদরকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
গত ১১ সেপ্টেম্বর নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যান্সার আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান। ওই রাতেই নওয়াজের আবেদনের প্রেক্ষিতে ১২ ঘণ্টার প্যারোলে জামিন মঞ্জুর করেন আদালত। ১২ সেপ্টেম্বর প্যারোলে মুক্তির মেয়াদ আরো পাঁচদিন বৃদ্ধি করা হয়। এরপর ১৯ সেপ্টেম্বর নওয়াজ শরিফ তার মেয়ে মরিয়ম ও জামাতা সফদরকে জামিনে মুক্তি দেন আদালত।
বাংলাটিভি/রাজু



