সুনামি সতর্কতা ব্যবস্থা, প্রযুক্তি স্থাপনের ঘোষণা ইন্দোনেশিয়ার

সমুদ্রের তলদেশে ভূমিধসের কারণে সুনামির উৎপত্তি শনাক্ত করতে সক্ষম নতুন এক সতর্কতা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়া। আগামী বছর নতুন এ প্রযুক্তি স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছে দেশটির একটি সরকারি সংস্থা।
নতুন এই প্রযুক্তিতে ঢেউয়ের আকার শনাক্ত করে সুনামির সতর্কতা জানা যাবে বলে জানিয়েছেন অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাপলিকেশন অব টেকনোলজি সংস্থার মুখপাত্র আইয়ান তুরিয়ান। সুমাত্রা ও জাভা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা প্রণালীর সৈকতগুলোতে শনিবারের সুনামি নিয়ে আগাম বার্তা দিতে ব্যর্থ হয় দেশটির বর্তমান প্রযুক্তি।
আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সমুদ্র তলদেশে ভূমিধসের কারণে সৃষ্ট ওই সুনামিতে এপর্যন্ত ৪২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১ হাজারের বেশি। এখনো নিখোঁজ দেড়শ।
গৃহহীন হয়েছেন ১৬ হাজারের বেশি। ভারী যন্ত্র নিয়ে দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্ধারকর্মীরা।



