অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

চলে গেলেন সুবীর নন্দী

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী মারা গেছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এরপর অবনতি হতে থাকে। চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদরোগে আক্রান্ত হন সুবীর নন্দী।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে সিঙ্গাপুরে নেয়ার আগ পর্যন্ত তিনি এখানেই চিকিৎসাধীন ছিলেন।

১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্র দিয়ে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন সুবীর নন্দী। পরে,সহস্রাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৮১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’।

১৯৫৩ সালের ১৯শে নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্ম গ্রহণ করেন তিনি। তাঁর সংঙ্গীত জীবন শুরু সিলেট বেতারে ১৯৬৭ সালে। ঢাকা বেতারে তার প্রথম গান ১৯৭০ সালে।

সুবীর নন্দী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চার বার। বাচসাস পুরস্কারও পেয়েছেন চার বার। গানে অবদান রাখায় এ বছর তাকে ভূষিত করা হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে।

সুবীর নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো ‘ও আমার উড়াল পঙ্খী রে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’,‘চাঁদে কলঙ্ক আছে যেমন’,‘বধূ তোমার আমার এই যে পিরিতি’ ‘একটা ছিল সোনার কন্যা’,‘কত যে তোমাকে বেসেছি ভালো’,‘আমি বৃষ্টির কাছ থেকে’,‘দিন যায় কথা থাকে’,‘আশা ছিল মনে মনে’ ইত্যাদি।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button