অপরাধদেশবাংলা

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা পাড়ে ইলিশ বিক্রি

শরীয়তপুরে অবাধে চলছে মা ইলিশ নিধন। প্রতিদিনই জেলেরা জাল ফেলছে নদীতে। ইলিশ বিক্রির মেলায় পরিণত হয়েছে পদ্মার পাড়। মাছ বিক্রিকে কেন্দ্র করে পদ্মা নদীর পাড়ে দুর্গম এলাকায় শতাধিক বাজার বসেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই অভিযান অব্যাহত রয়েছে।

আটক করা হচ্ছে জেলে নৌকা ও মাছ। চলছে জেল জরিমানাও। তারপরও পদ্মা নদীতে অব্যাহতভাবে ইলিশ শিকার করছেন জেলেরা।

প্রজনন মৌসুম হিসেবে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন ও ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময় মাছ ধরা বন্ধ রাখতে সরকারি খাদ্য সহায়তা দেয়া হচ্ছে জেলেদের।

তারপরও থেমে নেই মাছ ধরা। একদিকে প্রশাসনের অভিযান,অন্যদিকে গোসাইরহাট, নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরা পর্যন্ত দিনরাত দেদারছে মাছ শিকার করছেন জেলেরা। এ যেন মাছ শিকারের মহোৎসব।

মাছ ধরা ও বিক্রির জন্য পদ্মাপাড়ে দূর্গম এলাকায় মাছ বিক্রির  অস্থায়ী বাজার বসেছে শতাধিক। কম দামে ইলিশ মাছ কিনতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা ভীড় করছেন এখানে। মাত্র ৭শ থেকে এক হাজার টাকায় মিলছে এক হালি বড় ইলিশ। যা কয়েক দিন পরই বাজারে বিক্রি হবে তিন থেকে চার হাজার টাকায়।

সরকারের দেয়া খাদ্য সহায়তা অপ্রতুল হওয়ায় পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার তাগিদেই মাছ শিকার করছেন বলে দাবি, জেলেদের।

প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত আট দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ শতাধিক জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়েদে জেল ও নগদ অর্থ জরিমানা করা হয়েছে তাদের। এছাড়া পরিবহনের অভিযোগে বরখাস্ত হয়েছেন তিন পুলিশ সদস্য।

ইলিশ মাছ রক্ষায় সরকারের নেয়া উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্টদের আরো কঠোর নজরদারী প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা।

মাসুদ রানা, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button