জামালপুরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বেকারত্ব দূরীকরণ ও তরুণ প্রজন্মকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ২১ দিনব্যাপী মৌলিক পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং ‘স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থা’-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন কোর্স কো-অর্ডিনেটর ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রতন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনী, সহ-সভাপতি সাজ্জাদুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং রাসেল মিয়াসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ৩০ জন যুবক-যুবতী পোশাক তৈরির মৌলিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। এর ফলে তারা নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে স্বনির্ভর যুব সমাজ কল্যাণ সংস্থা।



