
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার জি কে শামীমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সকাল সাড়ে ১০টার দিকে তাকে রমনা থানা থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আনা হয়। সেখানে সন্ধ্যা পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ চলবে বলে জানানো হয়।
এর আগে আদালতের অনুমতি নিয়ে রোববার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদক কার্যালয়ে আনা হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীকে আটক করে র্যাব। ওই অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া প্রায় ১৬৫ কোটি টাকার এফডিআরের তথ্য পাওয়া যায়। যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও নিজের নামে ২৫ কোটি টাকা রয়েছে। একইসঙ্গে পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র। এদিকে, জি কে শামীমের জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন উত্থাপিত হয়নি- মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বাংলাটিভি/শহীদ



