কালের সাক্ষী হাজার দুয়ারী জমিদার বাড়ি

রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিরকুসাৎ হাজার দুয়ারী জমিদার বাড়িটি বর্তমানে ‘শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মালিকানা নিলেও শুরু করেনি সংস্কার কাজ। ভেঙ্গে পড়ছে জমিদার বাড়ির বিভিন্ন অংশ।
এছাড়া চুরি হচ্ছে নানা জিনিসপত্র। যথাযথ সংরক্ষণের অভাবে আজ ঐতিহ্য হারাতে বসেছে বাড়িটি। বেদখল হয়ে যাচ্ছে এখানকার মূল্যবান সম্পদও। স্থানীয়রা বলছে, বাড়িটি সংস্কার করে আনুসাঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এর প্রতি আকৃষ্ট হতে পারে পর্যটকরা।
গ্রামটির নাম বিরকুসাৎ রাজশাহী শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দুরে গ্রামের নাম করণ করা হয়েছে জমিদার বীর বাবু নামে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় এই বিশাল বাড়ি ছেড়ে ভারতে চলে যান বাগমারার এই জমিদার। সেই সাথে শেষ হয় এখানকার জমিদার প্রথা।
এই হাজারদুয়ারী জমিদার বাড়ির দরজাগুলো সেগুন কাঠের কারুকাজ করা। দরজাগুলো ছিল তিনটি স্তরে সাজানো। প্রথমে কাঠ, তারপর লোহার গ্রিল, তারপর কাঁচে মোড়ানো ছিলো। স্থানীয়দের কাছে তাই এইবাড়িটি হাজার দুয়ারী নামে পরিচিত। এক সময় এই পরিত্যক্ত দালান দেখতে ঢল নামতো হাজারও মানুষের।
কিন্তু এখন যেন এই সবের কিছুই নেই। সংস্কারের অভাবে বাড়ীটি কেবল দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ২০০৮ সালে বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসলেও সংরক্ষনে নেওয়া হয়নি কোন উদ্বোগ। ফলে চুরি হয়ে যাচ্ছে শেখ পাথর থেকে জমিদারী নিদর্শনগুলো।
কথিত আছে, প্রায় ১৯১০ সালের দিকে নির্মিত এই হাজার দুয়ারী জমিদার বাড়ী সংরক্ষণ করা হলে পর্যটক বৃদ্ধির পাশাপাশি বাড়বে রাজস্ব আয়,এমনটায় বলছেন সংশ্লিষ্টরা।
বিজয় ঘোষ, রাজশাহী ব্যুরো চীফ



