২৬ জেলায় দ্বিতীয় দিনের মতো পেট্রোল পাম্প ধর্মঘট

দেশের ২৬ জেলায় দ্বিতীয় দিনের মত ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
ধর্মঘটের কারণে আজও (সোমবার) বগুড়ার সকল পেট্রোল পাম্পগুলোতে পরিবহনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে। ফলে উত্তরের অনেক জেলায় বাস চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। শুধু মাত্র গ্যাস দিয়ে যে সব বাস চলাচল করে সেই সব বাস চলাচল করছে।
এদিকে, সিরাজগঞ্জে ১৫ দফা দাবিতে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সারাদেশের ন্যায় পাবনাতে চলছে পেট্রোল শ্রমিক ধর্মঘট।
ফলে সকাল থেকে দূর পাল্লার কোন যানবাহন যেতে পারছেনা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
অন্যদিকে, ১৫ দফা দাবিতে ঝিনাইদহের পেট্টোল পাম্পগুলোতে চলছে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি। এতে চরম দুর্ভোগে পড়েছে যানবাহনের চালক ও মালিকরা।
সরকারের দেয়া প্রতিশ্রুতিসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে ২য় দিনে চলছে পেট্রোলপাম্প মালিক ও ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি।



