অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৬টি বিশেষ ফ্লাইট

মালয়েশিয়া থেকে অবৈধ বাংলাদেশি কর্মীদের দেশে ফিরিয়ে আনতে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু মালয়েশিয়া রুটে তাদের নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত হিসেবে, ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় টিকিট সংকটের কারণে আটকে পড়া শ্রমিকদের সহায়তা করতে ও সুস্থভাবে দেশে ফিরিয়ে আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে বিমান এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মালয়েশিয়া সরকার সেদেশে বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরে আসার সুযোগ দিলেও, টিকিট সংকটের কারণে সেখানে অনেক শ্রমিক আটকে আছেন। মালয়েশিয়া সরকার ঘোষিত এ সুযোগ শেষ হবে ৩১ ডিসেম্বর।



