দেশবাংলা

মহানন্দা নদীর মাটি ও বালি বিক্রি

চাঁপাইনবাবগঞ্জে এক্সকেভেটর মেশিন দিয়ে মহানন্দা নদীর মাটি আর বালি কেটে বিক্রি করছেন স্থানীয় ভূমিদস্যুরা। ইটভাটা মালিক ও স্থানীয় প্রভাবশালীরা ভাগবাটোয়ারা করে নিচ্ছে এর অর্থ। প্রকাশ্যে এমন অপকর্ম চললেও প্রশাসন নিরব।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজসে চলছে এসব দূর্ণীতি। নদীর মাটি কেটে নেয়ায়, হুমকীতে পড়েছে জেলা শহর রক্ষা বাঁধ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর এলাকার ৪টি স্থানে এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি কাটার এমন দৃশ্য দেখে মনে হতে পারে কোনো উন্নয়ন কাজ চলছে। কিন্তু প্রকৃত চিত্র মহানন্দা নদীর পাড় কেটে মাটি ও বালি নিয়ে যাচ্ছে ভূমিসদ্যুরা।

আর এসব মাটি ও বালি বিক্রি করা হচ্ছে ইটভাটা আর স্থানীয়দের কাছে। একই অবস্থা বারঘরিয়া আর বালিয়াডাঙ্গা ইউনিয়নের মহানন্দা নদীতে।

স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার দাপটে চলছে এ রমরমা ব্যবসা। নদী পাড়ের মাটি ও বালি উত্তোলনের ফলে, ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার। অদৃশ্য কারনে নীরব স্থানীয় প্রশাসন।

ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী জহরুল হক বুলু। তবে ফোনে তিনি দাবি করেনে এ বিষয়ে তারা কিছুই জানেন না।

পাশেই প্রমত্তা পদ্মা নদী। তাই অবিলম্বে এসব বন্ধ না হলে অচিরেই এসব এলাকা গ্রাস করবে রাক্ষুসে পদ্মা। হুমকীর মুখে পড়বে চাঁপাইনবাবগঞ্জ শহর রক্ষা বাঁধ।

এ.সে আজিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

সংশ্লিষ্ট খবর

Back to top button