সরকারি ভাতা নিয়ে নয়-ছয়

বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সমাজসেবা অফিসের বিরুদ্ধে। কখনও জীবন্ত মানুষকে মৃত বলে টাকা আত্মসাৎ, কখনও একাউন্টে টাকা আসেনি বলে বিভিন্ন বাহানায় চলছে হরিলুট।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা গ্রামের আব্দুল হালিম ৬ বছর ভাতার টাকা পাওয়ার পর, গেল ২ বছর যাবৎ বিভিন্ন তাল বাহানায় ভাতার টাকা না দিয়ে সমাজ সেবা অফিস থেকে বলা হয়, তার বইতে মরহুম লেখা আছে।
এ বই দিয়ে আর টাকা পাওয়া যাবে না। একই গ্রামের ফুলজান বেগম ভাতার বই হাতে পাওয়ার পর দেখে, বইয়ের মধ্যে ছয় হাজার টাকা লেখা। যে টাকা সে কখনই তোলেনি। একইভাবে একাধিক মানুষকে ঠকিয়ে আসছে, উপজেলা সমাজসেবা অফিস।
এদিকে সায়েস্তা গ্রামের ৮৫ বছর বয়সী সনাতন ধর্মের অন্ধ রাধেসাম, প্রতিবন্ধী দুই মেয়েকে নিয়ে সরকারি জায়গায় একটি ঘর তুলে, অতিকষ্টে জীবন-যাপন করছে। একাধিকবার চেষ্টা করেও বয়স্ক ভাতার কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমাতুল্লাহ বলেন, কেউ একবার বয়স্ক ভাতার আওতায় এলে আমরন ভাতা পাবেন। তবে ভাতা কার্ড থাকা স্বত্তেও কেউ তাকে বঞ্চিত করলে এবং তার প্রমান পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসব অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি উপজেলাবাসীর এবং দ্রুত এ সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা।
মোঃ রেজাউল করিম, সিংগাইর প্রতিনিধি



