
বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট সময় অন্তর মাদক নিতে না পারলে মাদকসেবীদের যে অবস্থা হয়, ফেসবুক ব্যবহারে আমাদের মধ্যে একই আচরণ লক্ষ্য করা যায়। তাহলে ড্রাগ আর ফেসবুকের মধ্যে পার্থক্য থাকলো কোথায়?
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি কোমলমতি বাচ্চা ও তরুণদের হাতে স্মার্টফোন না দিয়ে বই তুলে দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, স্মার্টফোনের ছোট্ট একটা পর্দায় আমাদের পৃথিবীটা সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা অবশ্যই প্রযুক্তির ব্যবহার করব, তবে প্রযুক্তি যেন আমাদের ব্যবহার করতে না পারে।
খুলনা সার্কিট হাউস মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ বইমেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।



