অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য পদে বাংলাদেশি

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় প্রকৌশলী ও অধ্যাপক ড. অমিত চাকমা।
২০২০ সালের জুলাইয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার পার্থ শহরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার। অমিত চাকমা চলতি বছরের জুন পর্যন্ত কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর প্রেসিডেন্ট এবং উপাচার্য ছিলেন।
এছাড়া ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ১৯৫৯ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক চাকমা পরিবারে তার জন্ম। বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষে তিনি আলজেরিয়া সরকারের বৃত্তি নিয়ে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান।
সেখানে রাসায়নিক প্রকৌশল বিভাগ থেকে প্রথম স্থান নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া থেকে রাসায়নিক প্রকৌশল বিষয়ে এমএ এসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
১৯৮৮ থেকে ৯৬ পর্যন্ত ইউনিভার্সিটি অফ ক্যালগারির রাসায়নিক প্রকৌশল বিভাগে অধ্যাপক, ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অফ রেজিনায় রাসায়নিক প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অমিত চাকমা।
এরপর ২০০১ সালে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু-র একাডেমিক ভাইস-প্রেসিডেন্ট এবং প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ দুই মেয়াদে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর উপাচার্যের দায়িত্ব পালন করেন।



