কুড়িগ্রামে এখনও শুরু হয়নি সরকারিভাবে ধান ক্রয়ের কার্যক্রম

গেল ২০ নভেম্বর থেকে সরকারিভাবে সারাদেশে আমন ধান ক্রয়ের ঘোষণা দেয়া হলেও, কুড়িগ্রামে এখনও শুরু হয়নি ধান ক্রয়ের কার্যক্রম। এমনকি ধান ক্রয়ের জন্য কৃষি বিভাগ থেকে লটারির মাধ্যমেও প্রকাশ করা হয়নি প্রান্তিক কৃষকদের তালিকা।
এদিকে কৃষি বিভাগ বলছে তালিকা তৈরির কাজ চলছে। অন্যদিকে খাদ্য বিভাগের দাবি, কৃষককের তালিকা না পাওয়ায় এখনও ক্রয় অভিযান শুরু সম্ভব হয়নি। এ অবস্থায় হতাশায় পড়েছেন জেলার প্রান্তিক কৃষকরা।
বন্যার কারনে কুড়িগ্রামে একটু দেরিতে আমনের চাষ শুরু হলেও, বর্তমানে চলছে আমন কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুম। এ মৌসুমে বাজারে ধানের দাম কম থাকায়, কৃষকরা সরকারের কাছে একটু বেশি দামে ধান বিক্রি আশা করলেও, ক্রয় কার্যক্রম শুরু না হওয়ায় দাম নিয়ে শংকায় পড়েছেন কৃষকরা।
এদিকে, জেলার প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ কৃষক এখনো জানেন না সরকার কখন, কিভাবে ধান ক্রয় করবেন এবং কিভাবে কৃষকের তালিকা হচ্ছে। আর সেখানে তাদের নাম আছে কিনা। এছাড়া প্রান্তিক কৃষকদের অভিযোগ, তাদের নামে কৃষিকার্ড নেই। যাদের কার্ড আছে লটারিতে তাদের নাম উঠবে কি না!
জেলার ৯ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১৩ হাজার ৭১ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার কৃষকের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের নাম দ্রুত প্রকাশ করা হবে বলে জানান, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক মোস্তাফিজুর রহমান।
এদিকে, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কৃষিবিভাগ থেকে খাদ্যবিভাগে কৃষকের তালিকা না পাওয়ায়, ধান ক্রয় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
দ্রুত লটারির মাধ্যমে কৃষকের তালিকা প্রকাশ করে সরকারী ভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় অভিযান শুরু করবে সংশ্লিষ্ট বিভাগ এমন প্রত্যাশা জেলার কৃষকদের।



