বেহুন্দি জাল দিয়ে মাছের পোনা নিধন

পোনা ধরা নিষেধ থাকলেও ক্ষতিকর বেহুন্দি জাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন চলছে পটুয়াখালীর উপকূলীয় বিভিন্ন জলসীমার দেশী মাছের পোনার আবাসস্থলে। এতে দেশী প্রজাতির মাছের বংশবিস্তার হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন জেলে ও সাধারণ মানুষ।
প্রতিবছরের মত এবারও শীতমৌসুমে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, গলাচিপা উপজেলার পানপট্টি, কলাপাড়া উপজেলার মহিপুর, কুয়াকাটা ও মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীসহ বিভিন্ন জলসীমার নদ-নদী ও সাগর থেকে একটি সংঘবদ্ধ অসাধু জেলেরা নির্বিচারে নিষিদ্ধ বেহুন্তি জাল দেশী প্রজাতির পোনা নিধনে মেতে উঠেছে।
ইতোমধ্যে এসব পোনা দিয়ে সোনারচর ও আন্ডারচরে গড়ে উঠেছে অস্থায়ী শুঁটকি পল্লী। পল্লীতে ইলিশের পোনাসহ ১০ প্রজাতির পোনা দিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি, এতে দেশী প্রজাতির মাছের বংশবিস্তার হুমকির মুখে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, ক্ষতিকর বেহুন্তি জাল সারাবছর নিষিদ্ধ। এ জাল উৎখাতসহ মাছধরা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
বেহুন্তি জালটি এতো ক্ষতিকর যে ছোট ছোট মাছসহ ডিমকে শেষ করে ফেলে। তাই এ ধরণের জালের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার দাবি জেলেসহ সংশ্লিষ্টদের।
সৈয়দ হুমায়ুন কবির, পটুয়াখালী



