বিশ্ববাংলা

‘বাংলাদেশে এখন শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে উঠছে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল।  প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের মধ্যদিয়ে দেশকে এ অবস্থানে নিয়ে গেছেন। সরকার গত ১০ বছরে দেশে যে উন্নয়ন করেছেন তা অতীতে আর কখনোই হয়নি।

ঐতিহ্যগতভাবে কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশে এখন শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছে বলে জানান, প্রতিমন্ত্রী। সোমবার স্পেনে বিজয় দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সোমবার বিকেলে স্পেনের রাজধানী মাদ্রিদস্থ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের ৪৯ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এবং মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দূতাবাসের ব্যাক্তিগত কর্মকর্তা এ এস এম রেজাশাহ পাহলভী।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দূতাবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর শরিফুল ইসলাম, কমার্শিয়াল কউন্সিলর রেদোয়ান আহমদ ও বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এবং মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। এসময় তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো সকল বীর নারীকে।

এসময় তিনি স্পেন প্রবাসীসহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানান। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন স্পেন প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এবং বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button