সৌদি ত্যাগ করতে ইচ্ছুকরা সরকারি সুবিধা পাবে

আকামা এক্সপায়ারড, হুরুব নেই, কোনো মামলা নেই, নামের ওপর কোনো গাড়ী নেই, গৃহকর্মী নয়, এ ধরণের যারা জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে ইচ্ছুক তারা সৌদি সরকার প্রদত্ত সুযোগ নিতে পারবেন।
গত ১১ ডিসেম্বর সৌদি শ্রম মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে, এতে উল্লেখ করা হয়, শ্রম আইনের ১/৪০ ধারা মোতাবেক বিদেশী কর্মী নিয়োগ, কর্মীর আকামা ও লেবার কার্ড ইস্যু, নবায়ন খরচ, বিলম্ব ফি, পেশা পরিবর্তন ফি, রি এন্ট্রি ভিসা ফি, চুক্তি শেষে দেশে ফেরত যাওয়ার টিকেট ইত্যাদির দায় দায়িত্ব নিয়োগকর্তার ওপর বর্তায়।
কিন্তু এটা পরিলক্ষিত হচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান তাদের এ দায়িত্ব পালন করছে না। যে কারণে বিদেশী কর্মীদের দেশে ফিরে যাওয়ার জন্য, একজিট ভিসা ইস্যুর আবেদন-অভিযোগ বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থার আলোকে, সংযুক্ত নির্দেশনা মোতাবেক অনিয়মিত কোম্পানি-স্টাবলিশমেন্টের কর্মীগণের একজিট ভিসা প্রদানের নিমিত্তে আকামা ও লেবার কার্ড শ্রম অফিস হতে নবায়ন করে, ইমিগ্রেশন এর মাধ্যমে একজিট ভিসা ইস্যু করা হবে।
আকামা ও লেবার কার্ড নবায়ন ফি স্পন্সরের ওপর বকেয়া হিসেবে আরোপিত করা হবে যা পরবর্তিতে স্পন্সরের কাছ থেকে আদায় করা হবে।
সংযুক্ত নির্ধারিত নমুনা কর্মি কর্তৃক পুরণ করে তার দুতাবাসের সত্যায়নসহ এবং মূল পাসপোর্টসহ কর্মীকে স্থানীয় লেবার অফিসে আবেদন করতে হবে।
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি



