রাজশাহীতে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি

শীত আসার সাথে সাথে রাজশাহীতে চলছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। এসব গাছ থেকে রস সংগ্রহ করে তার থেকে তৈরি হয় গুড়। বাজারে এবার বিক্রি করে ভাল দাম পাওয়ায় খুশি গাছিরা। সুস্বাদু হওয়ায় এ গুড় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে বলে জানান, ব্যবসায়ী ও আড়ৎদাররা।
হেমন্তের হিম হিম ঠান্ডার পরেই জেকে বসেছে শীত। আর শীতের অন্যতম প্রধান অনুসঙ্গ রসের হাড়ি। এ যেন বাংলার চিরায়িত রুপ। ইতিমধ্যেই রাজশাহীর গ্রামে গ্রামে ধুম পড়ছে রস সংগ্রহ। চলছে তারই প্রস্তুতি। খেজুরের রস, গুড় আর পাটালির জন্য প্রসিদ্ধ এ জেলা।
রাজশাহীতে ৯২ হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে ২২ হাজারেরও বেশী। তবে জেলায় চারঘাট, বাঘা, পুঠিয়া, দুর্গাপুর ও পবা উপজেলা এলাকায় খেজুর গাছের সংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে ওই সব গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। আর শুধু দেশেই নয়, দেশের বাইরেও কদর রয়েছে রাজশাহীর খেজুর গুড়েরের।
কৃষকরা গুড় থেকে ভালো দাম পাওয়ার পাশাপাশি এটি একটি লাভজনক খাত বলে জানান, রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুল হক।
বাণিজ্যিক ভিত্তিতে খেজুর গাছের বাগান করা গেলে, এটি হয়ে উঠবে লাভজনক ও সম্ভাবনাময় খাত বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিজয় ঘোষ, রাজশাহী প্রতিনিধি



