৫ জানুয়ারি প্যারিসে বাউল উৎসব

আগামী ৫ জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে বাউল উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কিংবদন্তি বাউল শিল্পী শাহ আব্দুল করিম স্মরণে শেকড়ের সন্ধানের আয়োজনে এই বাউল উৎসব অনুষ্ঠিত হবে।
শিল্প ও সাহিত্যের নগরী প্যারিসে, প্রথমবারের মতো বাউল উৎসবকে ঘিরে এখন প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এ উপলক্ষ্যে গত বুধবার প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত গার্দু নরদের স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী ছাড়াও বাংলাদেশী কমিউনিটির সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন। সভায় শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা সাংবাদিক জামিল আহমেদ সাহেদ, প্রথমবারের মতো প্যারিসে বাউল উৎসব আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মমিন, সাধারণ সম্পাদক টি এম রেজা, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ,স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন, ফ্রান্স আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিপন দেবনাথ।
ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমুসহ অন্যরা।
রাসেল আহমেদ, ফ্রান্স প্রতিনিধি



